পাকিস্তানের বিপক্ষে সিরিজজয়ী স্কোয়াড নিয়েই নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ
গত মাসে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ। সেই স্কোয়াড অপরিবর্তিত রেখেই নিজেদের ডেরায় এবার নিউজিল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে টাইগাররা।
তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি ওয়ানডের জন্য শনিবার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পিএসএলের মাঝপথে ফিরতে হচ্ছে মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও তানজিদ হাসান তামিমকে।
আগামী ১৭ এপ্রিল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। ২০ এপ্রিল একই ভেন্যুতে হবে পরের ম্যাচ। আর ২৩ এপ্রিল তৃতীয় ও শেষ ওয়ানডে গড়াবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
বিদ্যুৎ সাশ্রয়ে বাংলাদেশ সরকারের দেশব্যাপী আহ্বানে সাড়া দিয়ে এই সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিবির অ্যাডহক কমিটি। কৃত্রিম আলো যতটা সম্ভব কম ব্যবহার করে ম্যাচগুলো এগিয়ে এনে দিনের আলোতে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে বলে সম্প্রতি জানিয়েছেন এই কমিটির প্রধান তামিম ইকবাল।
ওয়ানডে লড়াই শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দল দুটি। আগামী ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামের মাটিতেই সংক্ষিপ্ত সংস্করণের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ২ মে মিরপুরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির মধ্য দিয়ে পর্দা নামবে কিউইদের এই সফরের।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।