টিপু-প্রীতি হত্যা: আ. লীগ নেতাসহ ৫ জনের জামিন আবেদন নাকচ

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যা মামলায় আওয়ামী লীগ নেতাসহ ৫ আসামির জামিন আবেদন নাকচ করেছেন আদালত।

তারা হলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক (৫২), আবু সালেহ সিকদার, শুটার সালেহ (৩৮), নাসির উদ্দিন ওরফে কিলার নাসির (৩৮), মোরশেদুল আলম ওরফে কায়লা পলাশ (৫১) ও আবুল হোসেন মোহাম্মদ আরফান উল্লাহ ইমাম খান ওরফে দামাল (৪৫)।

মামলায় তাদের আইনজীবীরা জামিন চেয়ে পৃথক আবেদন করলে মহানগর হাকিম মো. শহিদুল ইসলাম উভয় পক্ষের শুনানির পর আবেদন নামঞ্জুর করেন।

গতকাল ঢাকার অপর একটি আদালত মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে তাদের কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠায়।

এর আগে একই মামলায় আরও দুই আসামি মো. নাসির হোসেন মানিক (৪৭) ও মো. মারুফ খান (২৮) কে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

আরেক আসামি মাসুম মোহাম্মদ আকাশ ৫ এপ্রিল ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গত ২৪ মার্চ রাতে রাজধানীর শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় জাহিদুল ইসলাম টিপুকে (৫৪) গুলি করে হত্যা করা হয়। তিনি এসময় নিজ গাড়িতে খিলগাঁওয়ের বাগিচা এলাকার বাসায় যাচ্ছিলেন।

এ সময় এলোপাতাড়ি গুলিতে তার গাড়িচালক মনির হোসেন এবং রিকশা আরোহী কলেজছাত্রী সামিয়া আফরান জামাল গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে টিপু ও সামিয়াকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।