টেকনাফে আইস-ইয়াবা, অস্ত্রসহ মিয়ানমারের নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্তে মাদকদব্য ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা এবং বিদেশি পিস্তলসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের একজন মিয়ানমারের নাগরিক ও অপরজন বাংলাদেশি।

আজ শুক্রবার তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন: টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে দীন মোহাম্মদ (৪০) ও মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু থানার শিয়া কনদং এলাকার মৃত লাল মিয়ার ছেলে বদি আলম (৩০)।

টেকনাফে বিজিবির ব্যাটেলিয়ন-২'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার গণমাধ্যমকে জানান, আজ ভোররাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া সংলগ্ন জালিয়ার দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে ওইসব মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি বলেন, 'আটকদের মধ্যে একজন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক ও অপর বাংলাদেশি নাগরিক। আটক বাংলাদেশি নাগরিক দীন মোহাম্মদ একজন তালিকাভুক্ত মানবপাচারকারী।'

আটকদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।