টেন্ডার বাক্স থেকে শিডিউল ছিনতাই, ছাত্রলীগ নেতাকে পদ থেকে অব্যাহতি

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর

চাঁদপুরের মতলব দক্ষিণে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে ঢুকে টেন্ডার বাক্স থেকে শিডিউল ছিনতাইয়ের ঘটনায় উপজেলা ছাত্রলীগের আহবায়ক আল আমিন ফরাজীকে পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা কমিটি।

এই মামলার ২নং আসামি মাইন উদ্দিন দেওয়ানকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, টেন্ডার বাক্স থেকে শিডিউল ছিনতাইয়ের ঘটনায় মামলার এজাহারভুক্ত মাইন উদ্দিনকে আটক করে চাঁদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া এ মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের বিষয়ে অভিযান চলমান রয়েছে।

এ ঘটনা সম্পর্কে টেন্ডার কমিটির সদস্য সচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'বর্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০২১-২০২২ অর্থবছরে গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করার লক্ষ্যে 'হেরিন বোন বন্ড (এইচ বিবি) করণ (২য় পর্যায়)' প্রকল্পের আওতাধীন ৫টি প্যাকেজের শিডিউল জমা দেওয়ার শেষ সময় ছিল ১৭ জানুয়ারি দুপুর ১ টায়। উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে ঠিকাদাররা শিডিউল জমা দেওয়ার পর আমি টেন্ডার বাক্স সিলগালা করে চলে যাই। এর কিছুক্ষণের মধ্যেই সেখানে দলবল নিয়ে প্রবেশ করে শিডিউল ছিনতাই করেন আল আমিন ফরাজী ও তার সহযোগীরা। ইউএনও অফিসের সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমি বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করি। ৬ জনের বিরুদ্ধে করা ওই মামলাটি দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।'

মতলব দক্ষিণ থানা সূত্রে জানা যায়, শিডিউল ছিনতাইয়ের মামলায় প্রধান আসামি করা হয়েছে চাঁদপুর জেলা পরিষদের সদস্য আল আমিন ফরাজীকে। মামলার অন্যান্য বিবাদীরা হলেন দক্ষিণ বাইশপুর গ্রামের সোলাইমান দেওয়ানের ছেলে মাইন উদ্দিন দেওয়ান, সিরাজ পাটোয়ারীর ছেলে শরীফ পাটোয়ারী, কলাদী মহল্লার আফসার মির্জা, উত্তর বাইশপুর গ্রামের খোরশেদ ও মাহাবুব।

স্থানীয় সূত্রে জানা যায়, এই মামলার প্রধান আসামী আল আমিন ফরাজী বিবাহিত হয়েও বিগত কয়েক বছর আগে মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগ কমিটির আহ্বায়কের পদে ছিলেন। ২০১৭ সালে তিনি জেলা পরিষদের সদস্য পদেও নির্বাচিত হন। মতলব বাজারের থানা সড়ক ও পাশের খেয়াঘাট এলাকায় তার প্রায় ২০টি দোকান, চাঁদপুর শহরের বাবুরহাটে ১টি মার্কেট, মতলব পৌরসভায় একাধিক বাড়ি এবং পৌরসভার বাইশপুরে আরও ১টি আলিশান ত্রিফ্লেক্স বাড়ি আছে।

এদিকে আল আমিন ফরাজী প্রসঙ্গে চাঁদপুর জেলা ছাত্রলীগ সভাপতি জহির উদ্দিন মিজি বলেন, 'দলীয় শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক কাজে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় সংগঠনের আহ্বায়কের পদ থেকে আল আমিন ফরাজীকে আমরা অব্যাহতি দিয়েছি। সেইসঙ্গে মেয়াদ শেষ হওয়ায় মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করেছি।'