টেলিযোগাযোগ আইনের মামলায় হেলেনা জাহাঙ্গীরের জামিন মঞ্জুর

স্টার অনলাইন রিপোর্ট

আওয়ামী লীগ থেকে পদ হারানো হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় টেলিযোগাযোগ আইনে করা মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান এ মামলায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী নিবন্ধন কর্মকর্তা এস এম জিয়াউর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দুই হাজার টাকা মুচলেকায় এবং দুই জন জামিনদারের জিম্মায় হেলেনা জাহাঙ্গীরের জামিন আবেদন মঞ্জুর করেন।

তবে, তার বিরুদ্ধে গুলশান থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাসহ মোট তিনটি মামলা চলমান থাকায় তিনি কারাগার থেকে বের হতে পারবেন না বলে জানান সহকারী নিবন্ধন কর্মকর্তা।

হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলাবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ছিলেন। তবে, গত ২৫ জুলাই উপকমিটির দেওয়া এক বিজ্ঞপ্তিতে সেই পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানানো হয়।

গত ৩০ জুলাই রাত ৮টার দিকে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় র‍্যাবের অভিযানের পর ৩১ জুলাই ভোররাত সোয়া ১২টার তাকে আটক করা হয়।

ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার ও সম্মানহানির অভিযোগে তার বাসায় ওই অভিযান চালানো হয়।

পরে, তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও টেলিযোগাযোগ আইনে চারটি মামলা করা হয়।