ঠাকুরগাঁওয়ে বেশি দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ীর জেল
ঠাকুরগাঁওয়ে বেশি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ী ও তার দোকানের ব্যবস্থাপককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
গতকাল বুধবার সন্ধ্যায় এই কারাদণ্ড দেওয়া হয়।
সার ব্যবস্থাপনা আইনে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান আদেশ দেন।
শাহরিয়ার রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সরকার ঘোষিত নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এমওপি সার বিক্রি করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও এলাকার ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স সাদিয়া ট্রেডার্সে অভিযান চালানো হয়।'
অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানের মালিক আব্দুস সবুর আলী ও তার দোকানের ব্যবস্থাপক দবিরুল ইসলামকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে, যোগ করেন তিনি।
তিনি জানান, প্রতি বস্তা এমওপির সরকার নির্ধারিত মূল্য ৭৫০ টাকা। পরিবেশক তা ১ হাজার ১৫০ টাকা দরে বিক্রি করছিলেন। তিনি ক্রেতাদের ৭৫০ টাকার রসিদ দিচ্ছিলেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।