ডাকাতির প্রস্তুতি মামলায় ৬ জনের কারাদণ্ড
মাদারীপুরে ডাকাতির প্রস্তুতি মামলায় ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
আজ সোমবার দুপুর ২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের রহিম ফকিরের ছেলে রুবেল ফকির (২২), একই গ্রামের মৃত বারেক সর্দারের ছেলে ইদ্রিস সর্দার (৪২), দেলোয়ার গাজির ছেলে সাদ্দাম গাজী (২৫), মোক্তার দালালের ছেলে কাবুল দালাল (২০), মৃত হাচেন বেপারীর ছেলে আমির বেপারী (৪৫) এবং রহমান ফকিরের ছেলে ওসমান ফকির (৩৪)।
তাদের মধ্যে রুবেল ফকিরকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড ও বাকি ৫ জনকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় ৪ আসামি আদালতে উপস্থিত ছিলেন। রুবেল ফকির ও ওসমান ফকির পলাতক।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ৮ জুন সদর উপজেলার মস্তফাপুর এলাকায় জুয়েল চৌকিদারের বাড়ির পাশে একটি বাগানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন দণ্ডপ্রাপ্তরা। খবর পেয়ে মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) রাজীব হোসেনের নেতৃত্বে রাত দেড়টার দিকে ৬ ডাকাতকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।
ওই দিনই তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অবৈধ অস্ত্র আইনে মাদারীপুর সদর থানায় মামলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১৬ সালের ২৯ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।