ডাকাত সন্দেহে ৩ যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাত সন্দেহে ৩ যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার ইলমদী বাগবাড়ি এলাকায় ওই ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে পুলিশ ৩ জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী দ্য ডেইলি স্টারকে জানান, ভোরে গার্মেন্টস শ্রমিকদের বহনকারী বাসে ডাকাতিকালে ৩ জনকে আটক করে পিটিয়ে আহত করা হয়। গুরুতর আহত একজনকে হাসপাতালে নেওয়ার পথে এবং অপর ২ জন ঘটনাস্থলেই মারা যান।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা ডেইলি স্টারকে বলেন, 'নিহত ৩ জন আসলেই ডাকাত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।'