ডা. মুরাদের বিরুদ্ধে গাজীপুরে মামলা

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ ২ জনের বিরুদ্ধে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। 

আজ বুধবার দুপুরে গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ প্রিন্স বাদী হয়ে আদালতে (সিআর) মামলাটি দায়ের করেন। 

গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কায়সারুল ইসলাম মামলাটি গাজীপুর মেট্রোপলিটন ডিবিকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।

মামলার অপর আসামি হলেন, ডিজিটাল মিডিয়ার উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলাল। 

গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলাম মামলাটি তদন্তের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) গোয়েন্দা শাখাতে পাঠিয়েছেন।

মামলার বাদী অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ প্রিন্স দ্য ডেইলি স্টারকে বলেন, 'ডিজিটাল মিডিয়া উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ উরফে নাহিদ হেলাল গত ১ ডিসেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের এক সাক্ষাৎকার গ্রহণ করেন। সেখানে ডা. মুরাদ হাসান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ, নারী বিদ্বেষী ও মর্যদাহানিকর ভাষা ব্যবহার করেছেন। যা পরবর্তীতে ডা. মুরাদের ভেরিফাইড ফেসবুক পেইজে প্রচার করা হয়। অশালীন, মিথ্যাচার এবং নারীর প্রতি এই অবমাননামূলক বক্তব্য নারীর জন্য মর্যাদা হানিকর।'  

বাদীর আইনজীবী গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি আমলে নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) গোয়েন্দা শাখায় তদন্তের জন্য আদেশ দিয়েছেন। তদন্ত শেষে আদালতের মাধ্যমে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ হবে।'