ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক নুরনবীর আগাম জামিন
ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় যমুনা টেলিভিশনের সাংবাদিক নুরনবী সরকারকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
মামলায় জামিন চেয়ে করা আবেদনের শুনানি শেষে আজ বুধবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গতকাল যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নুরনবী জামিনের জন্য হাইকোর্ট বেঞ্চে হাজির হন।
আজ ভার্চুয়াল শুনানিতে নুরনবীর পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান যুক্তিতর্ক উপস্থাপন করেন।
সাংবাদিক নুরনবী দ্য ডেইলি স্টারকে জানান, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেসা বিউটি গত বছরের ১৫ জুন ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনালে এ মামলা করেন।
অভিযোগে বলা হয়, এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে প্রতিবেদন করেন সাংবাদিক নুরনবী। যমুনা টেলিভিশনে প্রতিবেদনটি প্রচারের সময় অভিযোগকারী নারীর একটি ব্লার করা ছবি দেখানো হয়।
এতে অভিযোগকারীর মানহানি হয়েছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেছেন।