নওগাঁ

ডিবির ওপর হামলা, হাতকড়াসহ পালালেন মাদক চোরাকারবারি

নিজস্ব সংবাদদাতা, নাটোর

নওগাঁর মান্দায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওপর হামলা চালিয়ে এক মাদক চোরাকারবারিকে পালাতে সহযোগিতা করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করেছে ডিবি।

হামলায় গোয়েন্দা পুলিশের কনস্টেবল আনোয়ার হোসেন (৩০) আহত হয়েছেন। তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় মান্দা থানায় দুটি মামলা করেছে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ। একটি মাদক মামলা এবং অন্যটি পুলিশ এসাল্ট মামলা।

নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেএম শামসুদ্দীন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।

তিনি জানান, বুধবার দুপুরে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়বেলালদহ (নাপিতপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া মাদক কারবারি খলিলুর রহমান বরবেলালদহ গ্রামের বাসিন্দা। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে খলিলুর রহমানের স্ত্রী পারুল বেগম (৪৫) ও প্রতিবেশী লাদু মোল্লা (৫০) আটক করা হয়েছে।

তিনি বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত মাদক চোরাকারবারি খলিলুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ২০ গ্রাম হেরোইনসহ খলিলকে আটক করে হাতকড়া পরান কনস্টেবল আনোয়ার হোসেন। এ সময় খলিলুর রহমানের স্ত্রী পারুল বেগম লোহার একটি রড দিয়ে কনস্টেবল আনোয়ার হোসেনকে পেটাকে থাকেন।'

তিনি আরও বলেন, 'পর চিৎকার-চেচামেচি শুরু খলিলুর রহমানের প্রতিবেশী লাদু মোল্লা একটি হাতুড়ি নিয়ে বাড়ির ভেতরে এসে কনস্টেবল আনোয়ার হোসেনকে মারপিট করে মাদক চোরাকারবারিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।'

তিনি জানান, আহত কনস্টেবলকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি এসএস পাইপ, একটি হাতুড়ি ও একটি লাঠি।

কেএম শামসুদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেছেন, 'হামলার ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক খলিলুর রহমানকে গ্রেপ্তারের অভিযান চলছে। তবে হাতকড়াটি উদ্ধার করেছে পুলিশ।'