ডেইলি স্টারে প্রতিবেদন, স্কুলমাঠে তামাক শুকানো বন্ধের নির্দেশ হাইকোর্টের
দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদনের ভিত্তিতে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে তামাক পাতা শুকানো ও প্রক্রিয়াজাত বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা আজ মঙ্গলবার ডেইলি স্টারকে বলেন, 'আদালত স্থানীয় প্রশাসনকে দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুর্গাপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে অনতিবিলম্বে তামাক পাতা সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন।'
দ্য ডেইলি স্টারে প্রকাশিত 'School ground turns tobacco drying field' শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ স্বেচ্ছাপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। সংবাদটি দ্য ডেইলি স্টার অনলাইনে 'স্কুলমাঠে তামাক, বাতাসে দুর্গন্ধ, ক্লাসরুমে আটকে শিক্ষার্থীরা' শিরোনামে প্রকাশিত হয়।
আদালত এ বিষয়ে একটি রুলও জারি করেছেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব ও ইশরাত জাহান সান্ত্বনা ওই প্রতিবেদনটি আদালতের সামনে উপস্থাপন করে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চান।
ওই প্রতিবেদনে জানানো হয়, লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থান একই জায়গায়। ২ বিদ্যালয়ের খেলার মাঠ একটিই। তবে বিশাল আয়তনের ওই মাঠটির পুরোটা তামাক চাষিদের দখলে চলে যাওয়ায় খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে প্রায় ৬০০ শিক্ষার্থী।
বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রতি বছর তামাকের মৌসুমে মাঠটির পুরোটা তামাক শুকানো ও প্রক্রিয়াজাতকরণের কাজে ব্যবহার করেন স্থানীয় তামাক চাষিরা। ফলে মার্চ মাসের পুরো সময় জুড়ে সেখানে শিক্ষার্থীদের খেলাধুলার কোনো সুযোগ থাকে না। পাশাপাশি তামাকের দুর্গন্ধে বাতাস ভারি হয়ে থাকায় এর একটি স্বাস্থ্যগত ও মানসিক প্রভাবও পড়ে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর।
২ বিদ্যালয়ের শিক্ষকদের ভাষ্য, এ চিত্র প্রায় প্রতি বছরের। মাঠটি যাতে তামাক শুকানোর কাজে ব্যবহার না করা হয়, সে জন্য চাষিদের বাধা দেওয়ার চেষ্টা করেন তারা। কিন্তু তাতে কাজ হয় না।
এক শিক্ষার্থীর অভিযোগ, 'মাঠে তামাক থাকায় খেলাধুলা তো করাই যায় না, তার ওপর দুর্গন্ধের কারণে ক্লাসরুমে থাকাটাও কঠিন হয়ে পড়ে। এ জন্য অনেকে এই সময়টাতে স্কুলেও আসতে চায় না।'
এ অবস্থায় ২ বিদ্যালয়ের শিক্ষার্থীরাই তাদের খেলার মাঠটি তামাক মুক্ত রাখার জোর দাবি জানায়।