ডেমরায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ৪ জনের বিরুদ্ধে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসার জন্য ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'ওই কিশোরীকে এক পথচারী নারী হাসপাতালে নিয়ে আসেন। তাকে ওসিসিতে ভর্তি করা হয়েছে।'

'ধর্ষণের ঘটনা তদন্তের জন্য থানা পুলিশকে জানানো হয়েছে,' বলেন তিনি।

কিশোরীকে উদ্ধার করা ওই নারী জানান, সন্ধ্যার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার মোড়ে অসুস্থ অবস্থায় মেয়েটি পড়েছিল।

ওই কিশোরী হাসপাতালে পুলিশের কাছে অভিযোগ করে জানান, প্রতিবেশি তামজিদ হোসেন আজ দুপুর ৩টার দিকে তাকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার একটি হোটেলে নিয়ে যান। সেখানে আরও ৩ জন ছিল।

এরপর তারা তাকে হোটেলে আটকে রেখে ধর্ষণ করে। তারা ওই কিশোরীকে ভয়-ভীতিও দেখায়। পরে সন্ধ্যার দিকে মেয়েটি হোটেলের বাইরে আসতে সক্ষম হয় বলে পুলিশকে জানায়।

যোগাযোগ করা হলে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, 'সংঘবদ্ধ ধর্ষণের একটি সংবাদ হাসপাতাল থেকে পেয়েছি। বিস্তারিত জানার জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।'