ঢাকার কুড়িলে রাস্তার পাশে নারীর মরদেহ উদ্ধার

স্টার অনলাইন রিপোর্ট

ঢাকার কুড়িলে ৩০০ ফিট সড়কের পাশে আজ শনিবার সকালে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

খিলখেত থানার ওসি মুন্সি সাব্বির হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, সড়কের পাশে মরদেহের মাথা মাটিচাপা দেওয়া ছিল। তার বয়স আনুমানিক ২৮-৩০ বছর। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

ওসি আরও বলেন, মরদেহটি যখন উদ্ধার করা হয় তার ৫-৭ ঘণ্টা আগে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকারীদের সূত্র খুঁজে বের করতে আশপাশের সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।