ঢাকা বারের সভাপতি মাহবুব, সম্পাদক ফিরোজ
ঢাকা বার অ্যাসোসিয়েসনে ২০২২-২৩ মেয়াদের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।
নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৭টি পদে জয়ী হয়েছে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল গ্রন্থাগার সম্পাদকসহ ৬টি পদে জয়ী হয়েছে।
ঢাকা বার অ্যাসোসিয়েসনের সভাপতি পদে অ্যাডভোকেট মাহবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে মো. ফিরোজুর রহমান মন্টো নির্বাচিত হয়েছেন।
মাহবুবুর রহমান পেয়েছেন ৭ হাজার ৩৭ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. খোরশেদ মিয়া আলম পেয়েছেন ৪ হাজার ২৪৯ ভোট।
ফিরোজুর রহমান মন্টো পেয়েছেন ৬ হাজার ৫৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ নজরুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৭৩ ভোট।
সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ক্ষমতাসীন দল সমর্থিত সাদা প্যানেল থেকে ২ জন সহ-সভাপতি, ২ জন সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, সাংস্কৃতিক সম্পাদক, দপ্তর সম্পাদক, ক্রীড়া সম্পাদক এবং ৭ জন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।
বিএনপি সমর্থিত নীল প্যানেল জয়ী হয়েছে গ্রন্থাগার সম্পাদক, সমাজকল্যান সম্পাদক এবং ৪টি নির্বাহী সদস্য পদে।
১২ ঘণ্টারও বেশি সময় নিয়ে নির্বাচন কমিশন গতকাল শুক্রবার ভোট গণনা করেছে। ফলাফল ঘোষণা করা হয় আজ সকাল সাড়ে ৯টায়।
২০২২-২৩ সালের জন্য ঢাকা বার অ্যাসোসিয়েসনের ২ দিনব্যাপী বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় গত ২৩ ও ২৪ ফেব্রুয়ারি। মোট ১৯ হাজার ৮৪৭ জন ভোটারের মধ্যে ১১ হাজার ২৮৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
অ্যাডভোকেট আবদুল্লাহ আবুকে প্রধান নির্বাচন কমিশনার করে এই নির্বাচনের জন্য নির্বাচন পরিচালনা কমিটি করা হয়েছিল।