ঢাবি শিক্ষার্থীর মৃত্যু: তৃতীয় দফা রিমান্ডে স্বামী ইফতেখার

স্টার অনলাইন রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তার স্বামী ইফতেখার আবেদীনকে তৃতীয় দফায় আরও ২ দুই দিনের রিমান্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।

গত ১৪ ডিসেম্বর ঢাবির নৃত্যকলা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ইলমার মৃত্যু হয়। ইলমার পরিবারের দাবি, তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।

আজ বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রকিব এই রিমান্ড আদেশ দেন। বনানী থানার সাব-ইন্সপেক্টর ও মামলার তদন্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন মোল্লা ৩ দিনের রিমান্ড আবেদন করে ইফতেখারকে আদালতে হাজির করেন। এর আগে, এই মামলায় ২ দফায় ৫ দিনের রিমান্ডে নেওয়া হয় ইফতেখারকে।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেছেন, আসামি হত্যার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যা যাচাই করা হচ্ছে। তবে, এই মামলার ২ পলাতক আসামির অবস্থান জানাননি তিনি।

এদিন আদালতে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড আবেদন বাতিল ও আসামির জামিন চেয়ে একটি পিটিশন জমা দেন। পিটিশনে বলা হয়, তার মক্কেলকে হয়রানি করতে এই মামলায় জড়ানো হয়েছে।

উভয়পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আসামিপক্ষের আবেদন প্রত্যাখ্যান করেন এবং তাকে রিমান্ডেন আদেশ দেন।

ইলমার বাবা সাইফুল ইসলাম এই মামলাটি করেন। মামলার পরপরই ইফতেখারকে গ্রেপ্তার করে পুলিশ।