ঢাবি শিক্ষার্থীর মৃত্যু: ৩ দফা রিমান্ড শেষে কারাগারে স্বামী ইফতেখার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তার স্বামী ইফতেখারকে ৩ দফা রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ শনিবার রাতে মামলার বাদী ইলমার বাবা সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, 'ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ইফতেখারকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।'
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'তৃতীয় দফা রিমান্ড শেষে ডিবি পুলিশ আজ ইফতেখারকে আদালতে পাঠায়। ২ দিন আগে মামলাটি ডিবির কাছ চলে যায়। ফল, মামলার ডকেটসহ আসামিকে গতকাল ডিবির কাছে হস্তান্তর করা হয়। ডিবি পুলিশ আজ তাকে আদালতে হাজির করে।'
এর আগে, রাজধানীর বনানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলার (২৬) মৃত্যু হয়। পুলিশ ইউনাইটেড হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে।
ইলমার পবিরারের সদস্যরা দাবি করেছিলেন, তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন আছে। তাকে হত্যা করা হয়েছে। পরে তার বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, নৃত্যকলা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মেঘলা ৬ মাস আগে কানাডা প্রবাসী ইফতেখার আবেদীনকে বিয়ে করেন এবং তার স্বামীর বনানীর বাসায় থাকতেন।