তদন্ত কর্মকর্তাকে আদালতের ভৎর্সনা

স্টার অনলাইন রিপোর্ট

কোনো প্রকার সাক্ষ্য প্রমাণ ছাড়াই নিরপরাধ মানুষকে আসামি করায় হোসেনি দালানে বোমা হামলা মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. শফিউদ্দিন শেখকে তিরস্কার করেছেন আদালত।

রাজধানীর পুরাণ ঢাকার হোসেনি দালানে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা'আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) বোমা হামলা মামলার রায় ঘোষণার সময় ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল এর বিচারক মো. মজিবুর রহমান এই তিরস্কার করেন।

রায়ের পর্যবেক্ষণে তিনি বলেন, পূর্ণ তদন্ত না করে মূল পরিকল্পনাকারী এবং নির্দেশদাতা আলবানী, নোমান এবং হোসাইনী দালান ইমাম বাড়ায় গ্রেনেড হামলাকারী হিরন ওরফে কামালকে মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত না করে কোনো প্রকার সাক্ষ্য প্রমাণ ছাড়াই আসামি চাঁন মিয়া, ওমর ফারুক ওরফে মানিক, হাফেজ আহসান উল্লাহ মাহমুদ এবং শাহজালাল মিয়াকে মামলার আসামি হিসেবে সোপর্দ করা হয়েছে। এতে করে তদন্তকারী কর্মকর্তা মো. শফিউদ্দিন শেখ মারাত্মক ভুল করেছেন এবং চরমভাবে দায়িত্বে অবহেলার পরিচয় দিয়েছেন।

তিনি আরও বলেন, তদন্তকারী কর্মকর্তার খামখেয়ালীর কারণে আসামি চাঁন মিয়া, ওমর ফারুক ওরফে মানিক, হাফেজ আহসান উল্লাহ মাহমুদ এবং শাহজালাল মিয়া হয়রানীর শিকার হয়েছেন এবং তারা শারীরিক, আর্থিক এবং মানসিক কষ্টের শিকার হয়েছেন। তাছাড়া, হামলার মূল পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও হামলাকারীরা আইনের আওতার বাহিরে রয়ে গেছে।