তরুণ-তরুণীর হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

গ্রেপ্তার ৪, অভিযুক্ত ইউপি সদস্য পলাতক
নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

যশোরের সদর উপজেলায় তরুণ-তরুণীর হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত ইউপি সদস্য আনিসুর রহমান চূড়ামনকাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য।

নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আনিসুর রহমান পালিয়ে যান বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ ঘটনায় মামলার পর ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, ভুট্টো (১৯), মোশারেফ (১৮), আইয়ূব হোসেন (১৯), আব্দুল আলিম (২০)।

শুক্রবার রাতে নির্যাতিত তরুণীর বাবা বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় অভিযুক্ত ইউপি সদস্য আনিসুর রহমানসহ ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন।

মামলার নথি থেকে জানা যায়, মোটরসাইকেলে করে এক যুবকের সঙ্গে বাড়ি ফেরার পথে আবদুলপুর গ্রামে পৌঁছালে অনৈতিক কাজের অভিযোগ এনে ইউপি সদস্য আনিসুর রহমানসহ কয়েকজন তাদের আটক করেন। পরে অনেক মানুষের সামনে হাত-পা বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয় তাদের। খবর পেয়ে ওই তরুণীর পরিবার গিয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। ইউপি সদস্য আনিসুর রহমানকে তরুণীকে হাত-পা বেঁধে পেটাতে দেখা গেছে। তরুণীর সাথে থাকা যুবককেও একইভাবে নির্যাতন করা হয়। 

যশোর সদর উপজেলার চূড়ামনকাটি ইউনিয়নের চেয়ারম্যান দাউদ হোসেন বলেন, ইউপি সদস্য আনিসুর নির্যাতন করেছেন এটা ঠিক হয়নি।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, নির্যাতিত তরুণীর বাবা থানায় মামলা করেছেন ইউপি সদস্যসহ আরও ৪ জনের নাম উল্লেখ করে। মামলার পরপরই ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইউপি সদস্য আনিসুরকে গ্রেপ্তারে অভিযান চলছে।