তিতাস কর্মকর্তা তহুরুলের বিরুদ্ধে আদালতে দুদকের অভিযোগপত্র

স্টার অনলাইন রিপোর্ট

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সিনিয়র সুপারভাইজার তহুরুল ইসলামের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে উল্লেখ করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে দুদকের উপপরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আলী আকবর অভিযোগপত্র জমা দেন।

এতে ১ কোটি ৬৪ লাখ টাকার সম্পদ অর্জন ও ৫৩ লাখ ৩৫ হাজার টাকার সম্পদ বিবরণী গোপনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে তদন্তকারী কর্মকর্তা বলেন, তহুরুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে এবং এই অপরাধে তাকে বিচারের আওতায় আনা উচিত।

২০২০ সালের ১৯ আগস্ট তহুরুল ইসলামের বিরুদ্ধে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করে দুদক।

বাদীপক্ষের মতে, তহুরুল দুদকের কাছে যে সম্পদ বিবরণী জমা দিয়েছিলেন যেখানে সম্পদের পরিমাণ দেখানো হয় ১ কোটি ৮১ লাখ ১১ হাজার ৮০৫ টাকা। কিন্তু দুদক তার ২ কোটি ৩৬ লাখ ১৭ হাজার ৭৪১ টাকার সম্পদের সন্ধান পায়, যা তিনি অবৈধ উপায়ে অর্জন করেছেন।

এ ছাড়া, তিনি তার সম্পদ বিবরণীতে ৫৩ লাখ ৩৬ হাজার ৯৩৬ টাকার সম্পদ গোপন করেন। মামলার পর তহুরুল হাইকোর্ট বিভাগ থেকে জামিন পান।