দিনাজপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, দিনাজপুর

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমতলী এলাকায় এক যুবলীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আজ ভোররাত দেড়টায় এই ঘটনা ঘটে।

নিহত মাজেদুর রহমান (২৬) দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আজিমুল ইসলামের ছেলে এবং শেখপুরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক।

চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভোররাত প্রায় দেড়টার দিকে আমতলীতে প্রতিপক্ষরা মাজেদুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

ঘটনাস্থল থেকে ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

সূত্র মতে, প্রাথমিকভাবে জানা গেছে, ২ গ্রুপ মাদক চোরাকারবারির কোন্দলে এই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে।

ওসি বলেন, 'ঘটনার সঙ্গে জড়িতদের নাম পাওয়া গেছে। তাদের ধরতে ভোররাত থেকেই অভিযান চলছে।'