দিনাজপুরে হেরোইনসহ পুলিশ কনস্টেবল আটক

নিজস্ব সংবাদদাতা, দিনাজপুর

দিনাজপুরের হিলিতে হেরোইনসহ এক পুলিশ কনেস্টবলকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে আমিনুল ইসলাম (৩৫) নামের ওই কনেস্টবলকে হাকিমপুর উপজেলার চন্ডিপুর এলাকায় গাউসুল করিমের ভাড়া বাসা থেকে আটক করা হয়।

আজ মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার শামীম দ্য ডেইলি স্টারকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চন্ডিপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৪০ গ্রাম হেরোইনসহ এক পুলিশ সদস্যকে আটক করা হয়। আটককৃত পুলিশ সদস্য মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত ছিলেন। এর আগে তিনি হাকিমপুর থানাতে কর্মরত ছিলেন। আমিনুল ইসলামের বাড়ি লালমনিরহাট।