দীপ্ত টিভির এমডিকে সকালে কারাগারে পাঠানোর আদেশ, বিকেলে জামিন
তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় দায়ের হওয়া মামলায় কাজী ফার্মস গ্রুপ ও দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী জাহেদুল হাসানসহ ৪ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর কয়েক ঘণ্টা পর বিকেলে 'স্বাস্থ্য ইস্যু' বিবেচনায় জাহেদুকে জামিন দেন আদালত।
আজ সোমবার চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল এর বিচারক জহিরুল কবির এই আদেশ দেন। কাজী জাহেদুল হাসান বাদে অন্য ৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন, কাজী ফার্মস গ্রুপের পরিচালক কাজী জাহিন হাসান, কাজী রাবেত হাসান এবং চিফ অপারেটিং অফিসার কাজী উরফি আহমেদ।
দীপ্ত টিভি কাজী ফার্মস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান কাজী মিডিয়া লিমিটেডের অধীনস্থ।
সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এবং তার ছেলে মুজিবুর রহমানের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান নিয়ে দীপ্ত টেলিভিশনে সংবাদ প্রকাশের জেরে ৬ বছর আগে এই মামলাগুলো করা হয়েছিল।
আসামি পক্ষের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'কাজী ফার্মস গ্রুপ ও দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালকসহ অন্য আসামিরা আজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত আবেদন নাকচ করে জেল হাজতে পাঠান।'
ট্রাইবুনালের সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন 'কারাগারে পাঠানোর আদেশের পর কাজী জাহেদুল হাসানের আইনজীবীরা তার স্বাস্থ্যগত সমস্যার কথা উল্লেখ করে জামিন আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন। আগামীকাল অন্য আসামিদের জামিন শুনানি হবে।'
মামলার নথি থেকে জানা যায়, সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার ছেলে মুজিবুর রহমানের প্রতিষ্ঠান সানোয়ারা পোলট্রি অ্যান্ড হ্যাচারি নিয়ে ২০১৬ সালে দীপ্ত টিভির প্রতিবেদনে মানহানিকর মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে মামলা করা হয়। প্রতিবেদনে বলা হয়েছিল, মন্ত্রীর ছেলের ইন্ধনে জেলার চন্দনাইশে কাজী ফার্মসের কর্মীদের ওপর হামলা চালানো হয়। সেই প্রতিবেদন প্রচারের পর সানোয়ারা পোলট্রি অ্যান্ড হ্যাচারির ২ কর্মকর্তাসহ আরেকজন বাদী হয়ে কাজী ফার্মস গ্রুপের ৪ জন এবং দীপ্ত টিভির ৩ সাংবাদিকসহ ৭ জনের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় চট্টগ্রামের চান্দগাও ও চকবাজার থানায় ৩টি মামলা করেন। ওয়েবসাইটে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ সম্প্রচার করে রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে বলে মামলাগুলোর অভিযোগে উল্লেখ করা হয়।