দুদকের মামলায় বাগেরহাট পৌর মেয়রকে ১৫ দিনের জামিন
আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান।
আজ বৃহস্পতিবার দুপুরে বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহা. রবিউল ইসলাম তাকে ১৫ দিনের জামিন দেন।
প্রায় দেড় মাস পর দুদকের মামলায় জামিনে মুক্তি পেয়েছেন মেয়র।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি দুদকের দায়ের করা অর্থ আত্মসাতের পৃথক ২ মামলায় বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান ও পৌরসভার সাবেক সচিব মোহাম্মদ রেজাউল করিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তখন থেকেই তিনি জেলা কারাগারে ছিলেন। তবে দুর্নীতি মামলার আরেক আসামি পৌরসভার সাবেক সচিব মোহাম্মদ রেজাউল করিম এখনো বাগেরহাট জেলা কারাগারে রয়েছেন।
খান হাবিবুর রহমান বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক।
দুদকের আইনজীবী মিলন কুমার ব্যানার্জী দ্য ডেইলি স্টারকে জানান, মেডিকেল সার্টিফিকেট দেখে মানবিক কারণে বিচারক মেয়রকে আগামী ১৫ দিনের জন্য জামিন দিয়েছেন।
আসামিপক্ষের আইনজীবী আজাদ ফিরোজ টিপু দ্য ডেইলি স্টারকে জানান, আদালত মেয়রকে ১৫ দিনের জামিন দিয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৭ অক্টোবর দুদকের খুলনা কার্যালয় বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানের দুর্নীতির তদন্ত শুরু করে। ২০২১ সালের ২৫ নভেম্বর বাগেরহাট পৌরসভায় মেয়রসহ ১৭ জনকে অবৈধভাবে নিয়োগ দিয়ে সরকারি কোষাগার থেকে ১ কোটি ২৬ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়।
বাগেরহাটে আবাহনী ক্লাবের ট্রেইনিং সেন্টার ও বাগেরহাট ডায়াবেটিক হাসপাতাল কমপ্লেক্সের জন্য বরাদ্দ দেওয়া (১ কোটি) টাকা আত্মসাতের অভিযোগে মেয়র খান হাবিবুর রহমান ও বাগেরহাট পৌরসভার সাবেক সচিব মোহাম্মদ রেজাউল করিমের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।