দুমকিতে পুলিশের মামলায় বিএনপির ১০ নেতাকর্মী কারাগারে
পটুয়াখালীর দুমকিতে বিএনপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামীলীগের নেতা কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপির ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বুধবার সকালে পটুয়াখালীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল আমিনের আদালতে মামলার ২২ জন আসামি হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক ১০ জনের জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বাকি ১২ আসামির জামিন মঞ্জুর করা হয়েছে।
কারাগারে পাঠানো আসামিরা হলেন, দুমকি উপজেলা বিএনপির আহবায়ক মো. খলিলুর রহমান, যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম, সদস্য মেহেদী হাসান মিন্টু মৃধা, যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দ অহিদুল হক, শামীম হাওলাদার, সৈয়দ শাহাদত হোসেন, আনোয়ার হাওলাদার, ছাত্রদলের আহ্বায়ক গোলাম সরোয়ার, সদস্য লাল মিয়া ও জসিম উদ্দিন শম্ভু। এদের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম আগে থেকেই কারাগারে ছিলেন।
গত ৫ মার্চ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে দুমকি উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত বিএনপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ, সাংবাদিকসহ অন্তত ৪০ জন আহত হন।
এ ঘটনায় দুমকি থানার উপ-সহকারি পুলিশ পরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম বাদী হয়ে বিএনপির ২৬ নেতাকর্মীকে আসামি করে মামলা করেন। ৬ মার্চ রাতে মামলার ৩নং আসামি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।