দুর্নীতির কালো হাত ভাঙতেই হবে: হাইকোর্ট

স্টার অনলাইন রিপোর্ট

হাইকোর্ট বলেছেন, দুর্নীতির কালো হাত অবশ্যই ভেঙে দিতে হবে।

আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ বলেন, দুর্নীতির বিরুদ্ধে আদালতের অবস্থান অত্যন্ত কঠোর।

ঢাকা ব্যাংকের রাজধানীর বংশাল শাখার বরখাস্ত কর্মকর্তা রেফাতুল হকের দায়ের করা জামিনের আবেদনের শুনানির সময় বেঞ্চ এই মন্তব্য করেন।

ব্যাংকের ভোল্ট থেকে প্রায় ৪ কোটি টাকা গায়েবের অভিযোগে দায়ের করা ওই মামলার শুনানিতে এ মন্তব্য করেন আদালত।

কীভাবে ব্যাংকের ভোল্ট থেকে টাকা হারিয়ে গেল তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

হাইকোর্ট বেঞ্চ আসামির জামিন আবেদন প্রত্যাখ্যান করেছেন।