দুর্নীতির মামলায় সিআইডির বরখাস্ত এসআই কারাগারে
১ কোটি ৩৮ লাখ টাকা অবৈধ সম্পদ সংগ্রহের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আজ বুধবার চট্টগ্রামের একটি আদালত সিআইডির বরখাস্ত উপপরিদর্শককে (এসআই) কারাগারে পাঠিয়েছেন।
দুদকের দায়ের করা মামলায় বরখাস্ত এসআই নওয়াব আলী জামিনের আবেদন করে আজ আদালতে আত্মসমর্পণের পর চট্টগ্রাম মহানগর দায়রা জজ আশফাকুর রাহামান তাকে কারাগারে পাঠান।
সরকারি আইনজীবী মাহমুদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
আদালত তার জামিন আবেদন প্রত্যাখ্যান করেছেন বলেও জানান তিনি।
২০১৯ সালের ১০ মার্চ নওয়াব ও তার স্ত্রী গুলজার বেগমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে দুদক। এই দম্পতি অবৈধভাবে সংগৃহীত সম্পদের আয়ের উৎস দেখাতে না পারায় ওই মামলাটি করেছিল দুদক। একই মামলায় আদালতে আত্মসমর্পণ করার পরে গুলজারকে চলতি বছরের ৯ মার্চ কারাগারে পাঠানো হয়েছিল।
দুদকের আইনজীবী মাহমুদুল ইসলাম জানান, নওয়াব ঢাকাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত ছিলেন।
মামলার তদন্ত চলাকালে চট্টগ্রাম ট্যাক্স অফিসের ২ কর্মীর নাম অন্তর্ভুক্ত করা হয় এবং পরে দুদকের উপ-পরিচালক গত বছরের ৭ অক্টোবর এই দম্পতিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।
তিনি জানান, মামলার তথ্য অনুযায়ী ২ কর কর্মকর্তা বর্তমানে পলাতক।