দুর্নীতি মামলায় বিএনপির সংসদ সদস্য হারুনের কারাদণ্ড কমিয়েছেন হাইকোর্ট
বিলাসবহুল গাড়ি আমদানিতে কর ফাঁকির অভিযোগে দুর্নীতি মামলায় বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের ৫ বছরের কারাদণ্ডের মেয়াদ কমিয়েছেন হাইকোর্ট।
এর আগে তিনি এ মামলায় ১৬ মাস কারাদণ্ড ভোগ করায় তাকে আর জেলে যেতে হবে না।
বিচারিক আদালতের রায়কে চ্যালেঞ্জ করে পৃথক ৩টি আপিল খারিজ করে আজ বৃহস্পতিবার বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
একই মামলায় এনটিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পী এবং স্কাই অটোসের মালিক ইসতিয়াক সাদেকের কারাদণ্ডের মেয়াদও কমানো হয়েছে।
হাইকোর্ট বেঞ্চের সংক্ষিপ্ত রায়ে বলা হয়, 'আপিল খারিজ। তবে ইতোমধ্যে সাজা হয়ে গেছে।'
বিলাসবহুল গাড়ি আমদানির সময় কর ফাঁকির অভিযোগে করা মামলায় ২০১৯ সালের ২১ অক্টোবর ঢাকার একটি আদালত হারুনুর রশিদকে ৫ বছরের কারাদণ্ড, এনায়েতুর রহমান বাপ্পীকে ২ বছর এবং ইসতিয়াক সাদেককে ৩ বছরের কারাদণ্ড দেন।
মামলার বিবরণী অনুযায়ী, সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধার অপব্যবহার করে কর ফাঁকি দেওয়া হয়েছিল।
আসামিদের পক্ষে আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, সৈয়দ মিজানুর, এ এম মাহবুব উদ্দিন খোকন ও শাহরিয়া বাপ্পী এবং দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান শুনানি করেন।