দেড় কোটি টাকা আত্মসাৎ, নোয়াখালীতে সাবেক সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী 

সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের ১ কোটি ৫৪ লাখ ১৯ হাজার ৭০০ টাকা আত্মসাতের অভিযোগে হাতিয়া উপজেলার সাবেক সমাজসেবা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুবেল আহাম্মদ বাদী হয়ে বুধবার দুপুরে এ মামলা করেন।

সুবেল আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করে বলেন, 'দুর্নীতি, মানি লন্ডারিং আইনে একটি মামলা করা হয়েছে।'

মো. তৌহিদুল ইসলাম ২০১৫ সালের আগস্ট থেকে এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত হাতিয়ার সমাজসেবা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পরে তাকে সমাজসেবা অধিদপ্তর প্রধান কার্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন শাখায় বদলি করা হলেও, বর্তমানে তিনি পলাতক আছেন।

মামলার বিবরণীতে বলা হয়, মো. তৌহিদুল ইসলাম হাতিয়ার সমাজসেবা কর্মকর্তা থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে উপজেলার ২৮টি প্রকল্পের ভুয়া কাগজপত্র তৈরি করে ১ কোট ৫৪ লাখ ১৯ হাজার ৭০০ টাকা আত্মসাৎ, স্থানান্তর, হস্তান্তর করেছেন বলে সমাজসেবা কার্যালয়ের সন্দেহ হয়।

কয়েক বছর আগে নোয়াখালী সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হাতিয়া গিয়ে তৌহিদুল ইসলামের বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি দেখতে পান। পরে সমাজসেবা অধিদপ্তর তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি তার বিরুদ্ধে ১ কোটি ৫৪ লাখ ১৯ হাজার ৭০০ টাকা আত্মসাতের প্রমাণ পায়।

নোয়াখালী সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম পাটোয়ারী দ্য ডেইলি স্টারকে জানান, তারা তৌহিদুল ইসলামের অনিয়ম, দুর্নীতি ও টাকা আত্মসাতের ঘটনার বিষয়ে মন্ত্রণালয়কে জানায়। ৮ মাস আগে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।