'দৈনিক লোকসমাজ' পত্রিকার বার্তা সম্পাদক সিকদার খালিদকে কুপিয়ে জখম

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

যশোর থেকে প্রকাশিত 'দৈনিক লোকসমাজ' পত্রিকার বার্তা সম্পাদক সিকদার খালিদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও বাঁশ দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় লিটন ওরফে হাঁস লিটন এবং তার সহযোগীরা তাকে জখম করেছেন বলে অভিযোগ।  

সংবাদ প্রকাশের জের ধরে যশোরের বিরামপুরে এ ঘটনা ঘটেছে।  

আহত খালিদ যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।

হাসপাতালে চিকিৎসাধীন শিকদার খালিদ জানান, বিভিন্ন সময় লিটনের বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারণে লিটন তার ওপর ক্ষুব্ধ ছিলেন। গত ৬ মে রাত সাড়ে ৯টার দিকে প্রয়োজনের কথা বলে ফোনে খালিদকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান লিটন। সেখানে লিটন ও তার সহযোগীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও বাঁশ দিয়ে পিটিয়ে জখম করেন। এরপর সিকদার খালিদকে দোতলা থেকে নিচে ফেলে দেওয়া হয়। এতে তার পা ভেঙে যায়। পরে তার চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করেন।  

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক আ ন ম বজলুর রশিদ টুলু দ্য ডেইলি স্টারকে বলেন, 'খালিদের মাথার আঘাত মারাত্মক। তার একটি পা ভেঙে গেছে। শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন আছে। তার অবস্থা আশঙ্কাজনক।'

যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। তবে মূল অভিযুক্ত লিটনের ৫ সহযোগীকে গতকাল শনিবার রাতে আটক করা হয়েছে। লিটনকে আটকে অভিযান চলছে।