ধর্ষণচেষ্টার অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ময়মনসিংহের নান্দাইলে ধর্ষণচেষ্টার অভিযোগে ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার বেলা আড়াইটার দিকে গাজীপুরের গাছা থানার ছয়দানা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ওয়াহিদুল আলম ফকির নান্দাইল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
নান্দাইল মডেল থানার ওসি মো. মিজানুর রহমান আকন্দ জানান, অভিভাবককে সঙ্গে নিয়ে গত সোমবার থানায় এসে ধর্ষণের অভিযোগ জমা দেন এক নারী। পুলিশ তার অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হিসেবে গ্রহণ করে।
মামলার বরাত দিয়ে ওসি জানান, ওয়াহিদুল ২২ এপ্রিল ওই নারীকে মুঠোফোনে কল করে একটি উপবৃত্তির ফরমে স্বাক্ষর দিয়ে যেতে বলেন। তিনি ওয়াহিদুলের কথা বিশ্বাস করে কলেজে যান। সেখানে যাওয়ার পর ওয়াহিদুল একটি পুরোনো ভবনের পেছন নিয়ে ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার করলে ওয়াহিদুল পালিয়ে যায়।
ওসি আরও জানান, ওয়াহিদুলকে নান্দাইল থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।