ধর্ষণ ও অবৈধ গর্ভপাতের মামলায় গ্রেপ্তার ৪

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর

ধর্ষণ ও ধর্ষণের ঘটনায় অন্তঃসত্ত্বা কিশোরীর অবৈধ গর্ভপাতের মামলায় চাঁদপুরে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বুধবার রাতে চাঁদপুরের হাজীগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সিরাজুল ইসলাম (৬০), তার মেয়ে মোছা. বকুল বেগম (২৮), পুত্রবধূ সীমা আক্তার (৩০) ও হাসপাতালের আয়া নাজমা বেগম (৪০)।

আজ দুপুরে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।

পুলিশ সুপার বলেন, ভিকটিমের দূরসম্পর্কের নানা হয় ধর্ষক সিরাজুল ইসলাম। ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি ধামাচাপা দিতে বুধবার গর্ভপাত ঘটানো হয়। আসামিদের স্বীকারোক্তিতে একটি ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) সালের ৯(১)  মামলা হয়েছে।