নারী নির্যাতন মামলায় অভিযুক্ত শাহ পরানের সহকারী জজ পদে যোগদান স্থগিত
নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার চার্জশিটভুক্ত আসামি হওয়ায় সহকারী জজ (শিক্ষানবীশ) পদে নতুন নিয়োগ পাওয়া মো. শাহ পরানের যোগদান কার্যক্রম স্থগিত করেছে আইন ও বিচার বিভাগ।
আজ বৃহস্পতিবার আইন ও বিচার বিভাগ থেকে এ সম্পর্কিত আদেশ জারি করা হয়।
কক্সবাজারে এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে গত বছরের ডিসেম্বরে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ১৩তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা-২০১৯-এর মাধ্যমে প্রার্থী মো. শাহ পরানকে সহকারী জজ পদে নিয়োগের জন্য আইন ও বিচার বিভাগে সুপারিশ করে।
আইন মন্ত্রণালয় গত ২৫ নভেম্বর তাকে সহকারী জজ (শিক্ষানবিশ) হিসেবে নেত্রকোণায় পোস্টিং দেয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে, আইনমন্ত্রী আনিসুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'মন্ত্রণালয় প্রথমে গণমাধ্যম থেকে জানতে পারে যে শাহ পরানের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে। এরপর আমরা (মন্ত্রণালয়ের কর্মকর্তারা) মামলার বিষয়ে তার সঙ্গে কথা বলেছি এবং তিনি ফৌজদারি মামলার আসামি হওয়ার কথা স্বীকার করেছেন। পরে সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি।'
এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, 'শাহ পরানের সহকারী জজ হিসেবে যোগদানের ওপর স্থগিতাদেশ বহাল থাকবে যতক্ষণ না তার বিরুদ্ধে মামলার বিচার কার্যক্রম শেষ হচ্ছে।'
আইন মন্ত্রণালয় সূত্র জানায়, শাহ পরানের বিষয়ে কোনো বিরূপ তথ্য নেই বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আগে আইন মন্ত্রণালয়কে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট দিয়েছিল।