ধর্ষণ মামলায় আইনজীবী মমতাজউদ্দিনের ৬ সপ্তাহের আগাম জামিন
ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারি মমতাজউদ্দিন আহমেদ মেহেদীকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
এই আইনজীবীর করা জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
মমতাজউদ্দিনের ল' চেম্বারে কর্মরত এক নারী আইনজীবী সম্প্রতি রমনা থানায় মামলাটি করেছেন।
আইনজীবী মমতাজউদ্দিন তাকে গত কয়েক বছর ধরে বিভিন্ন সময় ধর্ষণ ও নির্যাতন করে আসছেন বলে তিনি মামলায় উল্লেখ করেন।
সহকারী অ্যাটর্নি জেনারেল মির্জা মোহাম্মদ সোয়েব মুহিত দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'হাইকোর্ট অভিযুক্ত মমতাজউদ্দিনকে ৬ সপ্তাহের মধ্যে ঢাকার সংশ্লিষ্ট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে বলেছেন।'
মামলার পর মমতাজউদ্দিন মেহেদী নিজেই হাইকোর্টে জামিন আবেদন করেছিলেন।
এ বিষয়ে মন্তব্যের জন্য তার সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও, যোগাযোগ করা সম্ভব হয়নি।