ধর্ষণ মামলায় এপিবিএন কনস্টেবল রিমান্ডে

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর মতিঝিলে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কনস্টেবল শিমুল আহমেদকে (২৭) রিমান্ডে দিয়েছেন আদালত।

মতিঝিল থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা সুজন কুমার রায় তাকে আদালতে হাজির করে ৩ দিনের রিমান্ড আবেদন করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তাকে একদিনের রিমান্ডে দেন। 

মামলার তদন্ত কর্মকর্তা জানান, ২৬ ডিসেম্বর সকালে মেয়েটির বাবা-মা বাসার বাইরে ছিলেন। সেসময় অভিযুক্ত ওই কিশোরীর বাসায় ঢুকে তাকে ধর্ষণ করে।

গতকাল সোমবার ওই কিশোরীর বাবা বাদী হয়ে মতিঝিল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর শিমুল আহমেদকে গ্রেপ্তার করা হয়।