ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭টি ড্রেজার জব্দ
মানিকগঞ্জ সদর উপজেলায় ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাতটি ড্রেজার জব্দ এবং এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমা শিরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় একজন শ্রমিককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয় এবং চার হাজার মিটার ড্রেজারের পাইপ জব্দ করা হয়।
তাছলিমা শিরিন বলেন, ‘অভিযানের সময় ড্রেজিং চলাকালে দুই জন ড্রেজার শ্রমিককে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ড্রেজার মালিক রাসেল মিয়াকে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।’
তিনি আরও জানান, জরিমানা দিতে ব্যর্থ হওয়ায় আরেক ড্রেজারের শ্রমিক সবুজ মিয়াকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।