ধামরাইয়ে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলায় নৌকার কর্মী নিহতের অভিযোগ
ঢাকার ধামরাইয়ে প্রতিপক্ষের হামলায় এক নির্বাচনী কর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ করেছেন যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ।
তবে তার প্রতিপক্ষ বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান মিজু বলেন, নিজেদের দ্বন্দ্বেই ওই যুবক মারা গেছেন।
পুলিশ জানিয়েছে, নির্বাচনী সহিংসতা নয় বরং পূর্ব শত্রুতার জেরে ওই যুবক খুন হয়েছেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল রোববার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের আমছির মোড় এলাকায় পূর্ব শত্রুতার জেরে শিহানকে (২০) পিটিয়ে আহত করা হয়। তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। আজ ভোরে সেখানেই তার মৃত্যু হয়েছে।'
তিনি আরও বলেন, 'তার মৃত্যুর খবর আজ সাড়ে ১০টার দিকে আমরা জেনেছি।'
এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
যাদবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মজিদ অভিযোগ করে বলেন, 'ঘটনাটি আমার বাড়ি থেকে ৪ কিলোমিটার দূরে। নিহত শিহান আমার ফুপাতো ভাই এবং তিনি আমার নির্বাচন কর্মী। গতকাল রাতে শিহানকে মারধর করে মারাত্মক জখম করে মিজুর ভাইসহ তার লোকজন। গুরুতর অবস্থায় শিহানকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। আজ ভোরে সেখানেই তার মৃত্যু হয়।'
অভিযোগ অস্বীকার করে যাদবপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজু বলেন, 'কারো সঙ্গে আমাদের কিছুই হয়নি। গতকাল গ্রামের ২ ছেলে মারধর করে একজনের হাত-পা ভেঙে দিয়েছে বলে শুনলাম। পরে হাসপাতালে একজন মারা গেছে। নিজেরা নিজেরাই মারামারি করছে বলে শুনেছি।'