ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

ধারের টাকা ফেরত চাওয়ায় লালমনিরহাটের আদিতমারীতে রহিমা বেগম (৫২) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে দুড়ারকুটি কলোনী গ্রামে এই ঘটনা ঘটে। 

রহিমা বেগম ওই গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। তিনি তার অসুস্থ স্বামীকে নিয়ে বসবাস করতেন। তার দুই দিনমজুর ছেলে আব্দুল কমির ও আব্দুর রহিম আলাদা বসবাস করেন।

আব্দুর রহিম ডেইলি স্টারকে বলেন, স্থানীয় মুদির দোকানদার সাইফুল ইসলাম মায়ের কাছে টাকা ধার নিয়েছিলেন। তিনি টাকা ফেরত চাইতে সাইফুলের দোকানে গিয়েছিলেন। সাইফুল ও তার পরিবারের ৭-৮ জন মাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে।'

তিনি আরও বলেন, 'আমাদের মা নিজেই রোজগার করে সংসার চালাতেন। তার আয়ে অসুস্থ বাবার চিকিৎসা চলছিল।'

আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচ জনকে আটক করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

মুল অভিযুক্ত দোকানদার সাইফুল ইসলাম ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন বলে ওসি জানান।