ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

নঈম নিজামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবেদন ১০ মের মধ্যে দেওয়ার নির্দেশ

স্টার অনলাইন রিপোর্ট

মিথ্যা, মানহানিকর ও আপত্তিকর তথ্য প্রকাশ ও প্রচারের অভিযোগে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামসহ ৭ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় আগামী ১০ মে এর মধ্যে সিআইডিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১৫ ফেব্রুয়ারি ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন ব্যারিস্টার এম সারোয়ার হোসেন। শুনানি পর সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন সিআইডিকে ১৫ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

সিআইডি প্রতিবেদন দাখিল না করায় আজ ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইকবাল হোসেন এ আদেশ দেন।

এই মামলার অন্য আসামিরা হলেন- বাংলাদেশ প্রতিদিনের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, অনলাইন নিউজ পোর্টাল বাংলা ইনসাইডারের প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবীর। এ ছাড়া ভাইরাল প্রতিদিন পেজের অ্যাডমিন, বর্ণনাকারী (কণ্ঠ), ভিডিও প্রস্তুতকারী ও টেকনিশিয়ানকে আসামি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, নঈম নিজাম ও ময়নাল হোসেন চৌধুরী গত বছরের ৭ ও ৮ সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ব্যারিস্টার এম সারওয়ার হোসেনকে নিয়ে ২টি প্রতিবেদন প্রকাশ করেন যাতে 'মিথ্যা, মানহানিকর ও আপত্তিকর তথ্য' ছিল।

ওই বছরের ৮ সেপ্টেম্বর সৈয়দ বোরহান কবির তার অনলাইন পোর্টালে ব্যারিস্টার সারওয়ার সম্পর্কে একই তথ্য সম্বলিত একটি প্রতিবেদন প্রকাশ করেন।

মামলায় বলা হয়েছে, ৮টি ভিডিও, যেখানে ব্যারিস্টার সারওয়ার সম্পর্কে মিথ্যা, মানহানিকর এবং আপত্তিকর তথ্য রয়েছে, সেগুলো ফেসবুক পেজ থেকে প্রকাশ ও প্রচার করা হয়েছিল।

অভিযোগে আরও বলা হয়, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে গুলশানে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ থেকে অব্যাহতি দিতে যে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে অনাস্থা আবেদনে অংশ নেওয়ায় ব্যারিস্টার এম সারওয়ারের বিরুদ্ধে ওই ৭ জন মিথ্যা ও আপত্তিকর তথ্য প্রকাশ ও প্রচার করেছেন।