নরসিংদীতে স্ত্রী-সন্তানকে হত্যা, মাদকাসক্ত স্বামী আটক
নরসিংদীতে ফখরুল ইসলাম নামে এক মাদকাসক্ত ব্যক্তির বিরুদ্ধে তার স্ত্রী ও শিশুপুত্রকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফখরুল ইসলামকে (২৬) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
গতকাল রোববার গভীর রাতে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকায় স্ত্রী রেশমি আক্তার (২৬) ও তাদের ১৩ মাস বয়সী শিশু পুত্র সালমান সাফায়ারকে হত্যা করেন তিনি।
পুলিশ ও রেশমি আক্তারের স্বজনরা জানান, ২ বছর আগে পারিবারিকভাবে রেশমির সঙ্গে ফখরুলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মাদকাসক্ত স্বামীকে নিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে ঝগড়া-বিবাদ লেগে থাকতো রেশমির। মাদকাসক্ত ফখরুলকে রিহ্যাবে পাঠান তার বাবা-মা। কিন্তু সুস্থ হওয়ার আগেই তাকে বাড়িতে নিয়ে আসা হয়।
পারিবারিক কলহের জের ধরেই গতকাল গভীর রাতে কথা কাটাকাটি ও বাগবিতণ্ডার একপর্যায়ে স্ত্রী ও ছেলেকে গলা কেটে হত্যা করেন ফখরুল।
রেশমির বাবা পারভেজ মিয়া বলেন, 'মেয়ের সঙ্গে তার শ্বশুরবাড়ির সম্পর্ক ভালো ছিল না বলে জানতাম। তবে এতো খারাপ ছিল তা জানতাম না। এসব নিয়ে আমার মেয়ে কখনো কিছু বলেনি।'
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, অভিযুক্ত ফখরুল ইসলাম এখন পুলিশ হেফাজতে রয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।