নাটোরে চাঁদাবাজির অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার
চাঁদাবাজির অভিযোগে নাটোরে ফয়সাল আহম্মেদ ওরফে সোহেল ফয়সাল নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোহেল পৌরসভার তিন নং ওয়ার্ড ওয়ার্ড যুবলীগের কার্যনির্বাহী সদস্য এবং ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। তার বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলা আছে। এলাকায় তিনি মুরগি সোহেল নামে পরিচিত।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, সোহেল পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তিনি দীর্ঘদিন ধরে কৃষিবিদ কামরুজ্জামানকে হুমকি ধামকি দিয়ে চাঁদা আদায় করছিলেন।
আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য নাটোর পৌরসভা নির্বাচনের খরচ বাবদ তিনি ওই কৃষিবিদের কাছে মোটা অংকের টাকা দাবি করেছিলেন। শুক্রবার তাকে রাস্তায় একা পেয়ে ৪২ হাজার টাকা ছিনিয়ে নেন সোহেল। এই ঘটনার পর কামরুজ্জামান থানায় লিখিত অভিযোগ করেন।
শনিবার ভোরে শহরের হাজরা নাটোর এলাকায় বাসায় অভিযান চালিয়ে সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। বিকেলে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
এ বিষয়ে নাটোর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মিঠুন আলী বলেন, সোহেল যুবলীগের ওয়ার্ড কমিটির সদস্য। তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেলে কঠোর ব্যবস্থা নেবো।