নাটোরে ছুরিকাঘাতে নারীকে হত্যা, সাবেক স্বামী গ্রেপ্তার
নাটোর সদর উপজেলার হালসায় মীম আক্তার (২১) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে সাবেক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্ত রাজু প্রামাণিক (২৬) নাটোর শহরের বড়গাছা বুড়াদরগা এলাকার সুজন প্রামানিকের ছেলে।
শনিবার দুপুর ১২টায় হালসা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান জানান, রাজুর সাথে বছরখানেক আগে মীমের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। শনিবার সকালে রাজু সাবেক শ্বশুরবাড়ি হালসার নিশ্চিন্তপুরে যায় এবং মীমকে ছুরিকাঘাত করে বেরিয়ে আসে।
এলাকাবাসীর খবরে পুলিশ মীমকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠায়। দুপুর ১২টায় চিকিৎসক মীমকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা নাটোর সদর থানায় মামলা করেছেন।