নাটোরে মা ও শিশুকন্যার মরদেহ উদ্ধার, স্বামী আটক

নিজস্ব সংবাদদাতা, নাটোর

নাটোর সদর উপজেলার উত্তর চৌকিরপার এলাকায় বসতঘর থেকে মা ও শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ রোববার সকাল ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এরা হলেন, মা মাসুরা বেগম (২৫) ও আড়াই বছরের শিশু কন্যা মাহফুজা খাতুন।

এ ঘটনায় জড়িত সন্দেহে মাসুরা বেগমের স্বামী আব্দুস সাত্তারকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'চৌকিরপার এলাকায় হত্যাকাণ্ডের কথা শুনে সকালে ঘটনাস্থলে গিয়ে মাসুরা বেগম ও তার শিশু কন্যা মাহফুজার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে মাসুরার স্বামী আব্দুস সাত্তারকে আটক করা হয়েছে।'

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের ডেইলি স্টারকে বলেন, 'হত্যায় জড়িত সন্দেহে মাসুরা বেগমের স্বামী আব্দুস সাত্তারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মা মাসুরা বেগম এবং তার শিশুকন্যা মাহফুজাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।' 

প্রাথমিক জিজ্ঞাসাবাদ গতকাল রাতে মাসুরা বেগমের সঙ্গে ঝগড়ার কথা স্বীকার করেছে আব্দুস সাত্তার। তবে হত্যাকাণ্ডে কারা জড়িত তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।