নাটোর কারাগারে এক রাতে ২ কয়েদির মৃত্যু
নাটোর জেলা কারগারে এক রাতে ২ জন কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত ৮টার দিকে ওসমান শেখ ও আজ শুক্রবার ভোরে আনছার শেখ নামে দুজন কয়েদি মারা গেছেন।
তাদের মধ্যে আনছার শেখ ছিলেন হত্যা মামলায় দণ্ড পাওয়া আসামি এবং ওসমান শেখ মাদক মামলার আসামি।
নাটোর জেলা কারাগারের জেলার মো. আবু তালেব দ্য ডেইলি স্টারকে বলেন, 'বৃহস্পতিবার দিনগত রাতে ওসমান শেখ নামে মাদক মামলার এক কয়েদির মৃত্যু হয়েছে। রাত ৮টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ওসমান শেখ নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া গ্রামের নুরু শেখের ছেলে। চলতি মাসের ১৪ তারিখে মাদকগ্রহণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে তার সাজা হয়।'
ওসমানের ভগ্নিপতি মোমিন হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের পরিচিত একজন তার আত্মীয়কে কারাগারে দেখতে গিয়ে জানতে পারেন, ওসমানকে কারাগারে মারধর করা হয়েছে। আমরা এটা শোনার পর তাকে দেখতে যেতে চেয়েছিলাম। তার আগেই আজ সকালে পুলিশ এসে জানায় ওসমান মারা গেছে।'
সে মাদকাসক্ত ছিল বলে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে পরিবার থেকে কারাগারে পাঠানো হয় উল্লেখ করে তিনি আরও বলেন, 'ওসমান মাদকাসক্ত হলেও তার কোনো সমস্যা ছিল না। তাকে মারধরের কারণে মারা যেতে পারে। আমরা এ বিষয়ে মামলা দায়ের করব।'
তিনি বলেন, 'এ ছাড়া আনছার শেখ নামে আরও একজন হাজতি মারা গেছেন। হত্যা মামলার আসামি হিসেবে তিনি জেলখানায় ছিলেন। গতরাতে তার বুকে ব্যথা শুরু হলে প্রথমে জেলখানা হাসপাতালে ও পরে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।'
তিনি আরও জানান, আনছার শেখ পাবনা সদরের নূর শেখের ছেলে। গত ১৪ মাস ধরে তিনি নাটোর জেলখানায় বন্দি ছিলেন।
এ বিষয়ে নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার রায় দ্য ডেইলি স্টারকে বলেন, 'কারাগারের ২ জন আসামি নাটোর সদর হাসপাতালে মারা গেছেন। ময়নাতদন্তের পর মরদেহ হস্তান্তর করা হবে।