নারায়ণগঞ্জে পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩
নারায়ণগঞ্জের সদর উপজেলায় নারী পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী নারী বাদী হয়ে তিন জনের নামে ফতুল্লা থানায় মামলা করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জ হাটপাচিল এলাকার আয়নাল হকের ছেলে আলমগীর হোসেন জনি (২৭), নারায়ণগঞ্জ সদর উপজেলার ইসদাইর এলাকার আলমাছ ঢালীর ছেলে মাহফুজুর রহমান মুন্না (২৬) ও আড়াইহাজার উপজেলার পাঁচআনি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আব্দুল গাফফার (২৫)।
মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'পোশাক শ্রমিক নারীকে উত্যক্তের জেরে কিছুদিন আগে কারখানা থেকে অভিযুক্ত আলমগীরের চাকরি চলে যায়। গত রোববার কারখানা থেকে ওই নারী বের হলে তাকে জোর করে অটোরিকশায় করে বক্তাবলী এলাকার একটি খামারে নিয়ে যায় আলমগীর। সেখানে সে তার সহযোগী মুন্না ও গাফফার মেয়েটিকে ধর্ষণ করে।
ওই দিন রাতেই থানায় অভিযোগ করেন ভুক্তভোগী নারী।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ ৩ আসামির ৭ দিন করে রিমান্ড আবেদন করে আদালতে পাঠায়। আদালত তিন জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ড আবেদনের শুনানি আগামীকাল বুধবার ধার্য করেন আদালত।'