নারায়ণগঞ্জে মাদক মামলার আসামির মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারাগাঁও উপজেলায় জিহাদ মিয়া (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত জিহাদ মিয়া উপজেলার কাঁচপুর উত্তরপাড়া এলাকার নাহিদ মিয়ার ছেলে।
তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ।
আজ সোমবার ভোর ৪টার দিকে উপজেলার কাঁচপুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা জিহাদের মরদেহ উদ্ধার করি। নিহতের মাথায় এবং পায়ে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।'
হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তিনি বলেন, জিহাদের বিরুদ্ধে মাদক, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা ছিল। ধারণা করা হচ্ছে, তার সহযোহীদের মধ্যে টাকা বা কিছুর ভাগবাটোয়ারা নিয়ে সংঘর্ষের ঘটনায় জিহাদকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি