নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন হাইকোর্টে বহাল

স্টার অনলাইন রিপোর্ট

নারায়ণগঞ্জে ২২ বছর আগের একটি শিশু ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্ট দুই আসামির মৃত্যুদণ্ড এবং একজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন। মামলার অপর দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত।

১৯৯৯ সালের ১৩ ডিসেম্বর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়।

বৃহস্পতিবার বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স এবং মামলার আসামি ও আসামিদের আপিলের শুনানি শেষে এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন--আমির হোসেন ওরফে খোকন ও মহর চান। যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকা আসামি হলেন সাফর আলী। ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনুর রশীদ ডেইলি স্টারকে এসব তথ্য জানান।

তিনি বলেন, ২০১৫ সালের ৩ নভেম্বর নারায়ণগঞ্জের বিচারিক আদালত আমির ও মহরকে মৃত্যুদণ্ড এবং সাফর, আলম ও মনিরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

তিনি জানান, আলম ও মনিরের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করবে।

যে কারণে হাইকোর্ট এই রায় দিয়েছেন তা জানা যায়নি কারণ এর পূর্ণাঙ্গ লেখা এখনো প্রকাশ করা হয়নি।

আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী একেএম ফয়েজ ও মন্টু চন্দ্র ঘোষ।