নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ, গ্রেপ্তার ২

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কৃষ্ণপুরা এলাকার দেলোয়ার হোসেন (৪০) ও তার সহযোগী কাজলী বেগম (২৪)।

মামলার বরাত দিয়ে আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'সোমবার স্থানীয় মাদ্রাসা থেকে বাসায় ফিরছিল শিশুটি। ওইসময় পূর্ব পরিচিত কাজলী বেগম শিশুটিকে ডেকে তার বাসায় নিয়ে যায়। সেখানেই শিশুটিকে ধর্ষণ করে দেলোয়ার।'

এ ঘটনায় মঙ্গলবার ভোরে থানায় অভিযোগ দিলে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তদের আটক করা হয়। সকালে ভুক্তভোগী শিশুর বাবার করা মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার দেখানো হয় বলে জানান তিনি।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) জোবায়ের হোসেন বলেন, দুপুরে দেলোয়ার ও কাজলী বেগমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।