নারায়ণগঞ্জে সংঘবদ্ধ ‘ডাকাত’ দলের ৯ সদস্য আটক

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা থেকে ধারালো অস্ত্র ও ককটেলসহ সংঘবদ্ধ 'ডাকাত' দলের ৯ সদস্যকে আটক করার কথা জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ শুক্রবার দুপুরে র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ মে গভীর রাতে উপজেলার মারুয়াদী বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় 'সবুজ বাহিনী'র ৯ সক্রিয় সদস্যকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ৭টি ককটেল, ২টি রামদা, ৪টি ছুরি, ২টি শাবল, ১টি চাইনিজ কুড়াল ও ২টি তরবারি ও ৫টি টেটা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, আড়াইহাজার উপজেলার সবুজ (২৮), সোহেল ওরফে ইসমাইল (৩০), আবুল কাশেম (৩৩), ওমর ফারুক (২৫) ও সোহেল (২৮), নারায়ণগঞ্জ সদর উপজেলার নিমাইকাশারী এলাকার সাখাওয়াত হোসেন রনি (২৪) ও মিজান (২২), মাগুরার মোহাম্মদ রবিউল শেখ (২৪) ও মু্ন্সিগঞ্জের জাহাঙ্গীর সিকদার (৩৮)।

র‌্যাব জানায়, আটকৃতদের নামে আড়াইহাজার ও সোনারগাঁ থানা একাধিক ডাকাতির মামলা আছে। এ ছাড়া সবুজ ও সোহেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃতরা দীর্ঘদিন ধরে আড়াইহাজার উপজেলার প্রবাসীদের বাড়িতে এবং ব্যবসায়ী ও আর্থিকভাবে স্বচ্ছল পরিবারগুলোকে টার্গেট করে পরিকল্পিতভাবে ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছে।