নারায়ণগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সদর উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

আজ সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১-এর স্কোয়াড্রন লিডার (উপ-পরিচালক) একেএম মুনিরুল আলম এ তথ্য জানান।

তিনি জানান, গত ১৪ এপ্রিল সদর উপজেলায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে ২৫ এপ্রিল দুপুর দেড়টায় র‌্যাব-১১-এর একটি দল অভিযান চালিয়ে মুন্সিগঞ্জের লৌহজং এলাকা থেকে মিনু রাসেলকে গ্রেপ্তার করে। মিনু রাসেলের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

তিনি আরও জানান, গ্রেপ্তার রাসেলের বিরুদ্ধে মাদক ও হত্যা মামলাসহ একাধিক মামলা আছে এবং নারায়ণগঞ্জ সদর থানায় দায়ের করা হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

র‌্যাব আরও জানায়, সংঘবদ্ধ ধর্ষণ মামলার অপর পলাতক আসামি সিফাতকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।